মালদায় নারকেল চুরি করতে উঠে বিপত্তি! ৯ ঘণ্টা গাছের মাথায় যুবক, নামাল দমকল
মালদা: নারকেল চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত সারাদিন গাছের মাথায় কাটাতে হল এক যুবককে। মঙ্গলবার মালদা শহরের কানী মোড় সংলগ্ন ফরেস্ট অফিস চত্বরে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার চেষ্টার পর রাত ৯টা নাগাদ ওই যুবককে গাছ থেকে নামাতে সক্ষম হন দমকল কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ ফরেস্ট অফিস চত্বরের ভিতরে থাকা একটি নারকেল গাছে ওঠেন আকাশ নামে আনুমানিক ৩০ বছর বয়সি এক যুবক। তাঁর বাড়ি মালদার বালুচর এলাকায় বলে জানা গিয়েছে। নারকেল চুরি করতে গিয়েই তিনি গাছে উঠেছিলেন বলে অভিযোগ। কিন্তু এরপর আর গাছ থেকে নিচে নামতে পারেননি তিনি। ধরা পড়ার ভয়েই তিনি নিচে নামতে চাইছিলেন না বলে জানা গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে বন দফতরের আধিকারিক
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ফরেস্ট রেঞ্জ অফিসার সরস্বতী বিশ্বাস। পরিস্থিতি সামাল দিতে তিনি রথবাড়ি পুলিশ ফাঁড়ি ও দমকল বাহিনীকে খবর দেন। এরপর দুপুর ১টা নাগাদ দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুবককে নিরাপদে নামানোর চেষ্টা শুরু করেন।
দীর্ঘ ৯ ঘণ্টার চেষ্টায় উদ্ধার
দমকল কর্মীরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়েও প্রথমদিকে যুবককে নামাতে পারেননি। সময় যত গড়াতে থাকে, ততই ঘটনাকে ঘিরে এলাকায় কৌতূহল বাড়তে থাকে। যুবককে দেখতে ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
অবশেষে দীর্ঘ চেষ্টার পর রাত ৯টা নাগাদ যুবককে গাছ থেকে নামানো সম্ভব হয়। দুপুর থেকে রাত পর্যন্ত চলা এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
নারকেল চুরি করতে গাছে উঠে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে যুবককে উদ্ধারের পর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।