পুণ্যার্থীদের উপর হামলার অভিযোগে ফের বিক্ষোভ লাভপুর থানায়! এবার সিংহ বাহিনীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার তদন্তের দাবি তোলেন

পুণ্যার্থীদের উপর হামলার অভিযোগে ফের বিক্ষোভ লাভপুর থানায়! এবার সিংহ বাহিনীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার তদন্তের দাবি তোলেন
অনুকূল গড়াই; লাভপুর:-
পুণ্যার্থীদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে রবিবার লাভপুর থানার সামনে বিক্ষোভ দেখান হাতিয়া গ্রামবাসিদের একাংশ ও ‘সিংহবাহিনী’ সংগঠনের সদস্যরা।
অভিযোগ, শনিবার বিকেলে হাতিয়া গ্রামের কয়েকজন যুবক তারকেশ্বর যাওয়ার জন্য টোটোয় করে ট্রেন ধরতে যাওয়ার পথে ধনডাঙা গ্রামে স্থানীয়দের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পুণ্যার্থী কৃষ্ণগোপাল বাগদি ও দেবাশিস বাগদিদের দাবি, ধর্মীয় স্লোগান দিতে দিতে যাওয়ার সময় ঐ গ্রামের একাংশ তাদের মারধর, গালিগালাজ ও অপমান করে।
জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তার পরেও শনিবার সন্ধ্যায় থানার সামনে এবং রাতে হাতিয়া কামারশালা সংলগ্ন রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে কিছুক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয়রা। এক্ষেত্রেও ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে রবিবারও এর আঁচ কমতে দেখা যায় নি। এদিনও দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখানো হয়।
‘সিংহবাহিনী’-র জেলা সভাপতি শ্যামল মণ্ডল বলেন, ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত তবে পুলিশ উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে, সিংহ বাহিনীর অন্যান্য পদাধিকারী দের কথাতেও উঠে আসে একই বক্তব্য।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত চলছে ঘটনার কারণও খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।