খোয়াইয়ের কল্যাণপুরে এক মিষ্টির দোকানে ছত্রাকযুক্ত লাড্ডু বিক্রি

খোয়াইয়ের কল্যাণপুরে এক মিষ্টির দোকানে ছত্রাকযুক্ত লাড্ডু বিক্রি: মার্চেন্ট অ্যাসোসিয়েশন ক্ষুব্ধ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
নিজস্ব সংবাদদাতা, যশপাল সিং, ত্রিপুরা
দীর্ঘদিন ধরেই খোয়াই জেলার অন্তর্গত কল্যাণপুরের বিভিন্ন মিষ্টি ও খাদ্যদ্রব্যের দোকানগুলির মান নিয়ে জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিদ্যমান ছিল। সম্প্রতি কল্যাণপুরের মূল বাজারে অবস্থিত ‘আপ্যায়ন মিষ্টান্ন ভান্ডার’-কে ঘিরে এক গুরুতর অভিযোগ উঠেছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
ঘটনার বিবরণে জানা যায়, কল্যাণপুরের এক জনৈক ব্যক্তি আপ্যায়ন মিষ্টান্ন ভান্ডার থেকে কিছু লাড্ডু জাতীয় মিষ্টি বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে যাওয়ার পর তিনি দেখতে পান, মিষ্টিগুলির মধ্যে ছত্রাক (ফাঙ্গাস) বাসা বেঁধেছে। এই বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট ক্রেতা আপ্যায়ন মিষ্টান্ন ভান্ডারের কর্ণধার সত্যজিৎ মোদকের কাছে অভিযোগ জানাতে যান। অভিযোগ রয়েছে, সত্যজিৎ মোদক অভিযোগের কোনো সদুত্তর দিতে পারেননি। উল্টো, তিনি ছত্রাক আক্রান্ত লাড্ডুগুলো ক্রেতার কাছ থেকে কেড়ে নিয়ে ফেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে কল্যাণপুরজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আপ্যায়ন মিষ্টান্ন ভান্ডারে ছত্রাকযুক্ত মিষ্টি বিক্রির ঘটনায় সাধারণ মানুষ ক্ষুব্ধ ও আতঙ্কিত।
গোটা বিষয় নিয়ে কল্যাণপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, ইতিপূর্বে একাধিকবার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাজারের ব্যবসায়ীদের খাদ্যদ্রব্যের মান ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়েছে। এরপরও যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে, তাহলে প্রশাসনকে প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কল্যাণপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন।এদিকে স্থানীয়দের দাবি, মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে।